সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 
কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রানকিচড় এলাকায় দেবে যাওয়া রেলসেতুটি মেরামত শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
 
এর আগে ভোরে পাহাড়ি ঢলে ওই সেতুটি দেবে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইটি ট্রেন পথে আটকা পড়ে।
 
শ্রীমঙ্গল ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ভারী ঝড়োহাওয়া ও ভারী বর্ষণে লাউয়াছড়া জাতীয় উদ্যান দিয়ে প্রবাহিত জানকি ছড়ার ঢলের পানির প্রবল স্রোতের আঘাতে রেল সেতুটির আরসিসি ঢালাইকৃত একটি খুঁটি দেবে যায়। ফলে রাত ২টা থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 
 
এ অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন শায়েস্তাাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। 
 
শমমেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ বলেন, শনিবার সকালের ঢাকামুখী আন্তনগর কালনি  এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে আটটা পর্যন্ত যাত্রা শুরু করেনি। প্রায় ২০ ফুট দীর্ঘ ব্রিটিশ আমলে নির্মিত রেলপথের এই কালভার্ট সেতুটি ইতিপূর্বে আরও দু’দফা দেবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।