কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নৌকার সমর্থকরা কেন্দ্র দখলে ব্যর্থ হয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোট কক্ষ থেকে চারটি সিল লুটে নিয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড গুলি চালায়।
শনিবার দুপুর ১২টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রে আধিপত্য বিস্তার করতে আওয়ামী লীগের প্রার্থী মনির হোসেনের সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে নৌকার সমর্থকরা কেন্দ্রে ১৫/২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় নারীসহ দুই ভোটার আহত হন। পরে তারা ভোট কক্ষে প্রবেশ করে চারটি সিল লুটে নেয়।
ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে।