গোবিন্দগঞ্জে ব্যালট পেপার ছিনতাই, ঘণ্টা পর পুনরায় ভোট গ্রহণ শুরু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের বালুঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একদল দুর্বৃত্ত এক শ ব্যলট পেপার ছিনিয়ে নিয়েছে। এ কারণে ওই কেন্দ্রের ভোট বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘণ্টা বন্ধ ছিল। 
 
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহাদৎ হোসেন জানান, কেন্দ্রের বাহিরে সকাল সাড়ে ১০ টার দিকে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একদল দুর্বৃত্ত কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং কর্মকর্তার রুম থেকে এসব ব্যালট পেপার ছিনিয়ে নেয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
রিটার্নিং অফিসার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহার বানু জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের সিন্ধান্তে ছিনতাইকৃত ব্যালট পেপার বাতিল করে বেলা ১২ টায় পুনরায় ভোট গ্রহণ শুরু করা হয়েছে। 
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ওই সংঘর্ষে সাত/আট জন আহত হওয়ার কথা শুনেছি। তাদেরকে নাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।’