রাবি শিক্ষক হত্যা: বিচার দাবিতে আবারো আন্দোলন

 
গ্রীষ্মকালীন ছুটি শেষে আবারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে শোক মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
 
শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে মন্ত্রীদের আশ্বাসে ১৫ মে ইংরেজি বিভাগ ও ১৭ মে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলমান আন্দোলন স্থগিত করে।
 
সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি এএফএম মাসউদ আখতার বলেন, মামলার কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। অধ্যাপক রেজাউলকে শনিবার দিন হত্যা করা হয়েছে। তাই আমরা আমাদের আন্দোলন শুধু শনিবার পালন করব।
 
এদিকে একই দাবিতে ৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ এই বিষয়টি নিশ্চিত করেন।
 
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগন এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী।