'প্রার্থী নিহতের ঘটনায় সরকারের সংশ্লিষ্টতা নেই'

 
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভেতরে বেশ কয়েকজন নিহত হয়েছে। এ সংঘর্ষমূলক আচরণ দুঃখজনক। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।’
 
শনিবার সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এসএসসি ২০১৬ সালের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের ওপর কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারপরেও ছিটেফোঁটা গুপ্তহত্যার ঘটনা ঘটছে। এ পর্যন্ত যতগুলো গুপ্তহত্যা ঘটেছে তার সুরাহা হয়েছে এবং সেসব ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে। সম্প্রতি যে হত্যাকাণ্ড ঘটেছে তার সুরাহা শিগগিরই হবে।’
 
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, বিএসবি ক্যাম্ব্রিয়ান শিক্ষা গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার উপস্থিত ছিলেন।