পীরগঞ্জে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায়  ১০ম শ্রেণীর এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহত সুমন মিয়া (১৫) উপজেলার বড়আলমপুর গ্রামের চুল্লাখষ্টি পাড়ার সাইদুর রহমানের ছেলে।
 
শনিবার সকালে উপজেলার বড়আলমপুর গ্রামের আতোয়ার মেম্বারের বাড়ির পূর্ব পাশে ইউকিলিপ্টাস গাছের বাগানে তার লাশ পাওয়া যায়। এলাকাবাসীর খবরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সুমন পাটগ্রাম দাখিল মাদরাসার ছাত্র ছিল।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সুমন বাড়ি থেকে বের হয়। বিকেলে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে সুমন মোবাইল ফোনে জানায় সে সমিতির বৈঠকে অন্যান্য সদস্যদের সঙ্গে মোমিন মার্কেটে রয়েছে। এর ঘণ্টা খানেক পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। সারা রাত খোঁজ করেও সুমনের কোনো সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। পরদিন শনিবার সকালে সুমনের লাশ পাওয়া যায়।
 
পুলিশ আরো জানায়, প্রাথমিক সুরতহাল রিপোর্টে সুমনের লিঙ্গ ও অণ্ডকোষ কাটা অবস্থায় দেখা গেছে। এছাড়া তার দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। গামছা দিয়ে তার গলা পেঁচানো ছিল।  সুমন ওই এলাকার নিউ মডেল সমবায় সমিতির ক্যাশিয়ারের দায়িত্বে নিয়োজিত ছিল।
 
নাম প্রকাশ না করার শর্তে ক্ষমতাশীন দলের এক নেতা বলেন, ‘ওই দিন সুমনের কাছে সমিতির ফান্ডের নগদ ৫৯ হাজার টাকা ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে।এছাড়াও লোকমুখে মেয়েলি ঘটনারও গল্প শোনা গেছে।’
 
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কেউ আটক হয়নি।