কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
শনিবার দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদস্য পদে মামুদপুর গ্রামের আল্লাদ মিয়া ও কামরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কামরুল ইসলাম বিজয়ী হন। এতে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।