রায়পুরে ছাত্রীকে উত্যক্তের দায়ে শিক্ষক গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে।  আটক শিক্ষক রিয়াদ হোসেন (২৮) মধুপুর এলাকার প্যারাডাইম রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।  
 
শনিবার বিকালে স্কুল চলাকালীন অবস্থায় তাকে আটক করা হয়। রিয়াদ উপজেলার চরবংশী গ্রামের বাসিন্দা। এর আগে মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
প্যারাডাইম রেসিন্ডসিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোতাচ্ছেম বিল্লাহ বলেন, ‘ছাত্রীর বাবা বিষয়টি আমাকে জানালে আমি পরিচালনা কমিটির সঙ্গে কথা বলি। বিকালে এক জরুরি সভার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এর আগেই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দিয়ে রিয়াদকে আটক করে।’
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে রয়েছেন। দায়িত্ব শেষে রায়পুর আসলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’