রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান রোনালদো

এর আগেও কয়েকবার বলেছিলেন, রিয়ালে সুখে আছেন তিনি। তারপরও যেন সবাই একই প্রশ্ন করে যান। এবার সাফ বলে দিলেন ৪০ বছর বয়স পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকবেন তিনি।
 
২০০৯ সালে ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে রোনালদোকে দলে নেয় রিয়াল। সদ্য শেষ হওয়া মৌসুমে রাউল গনসালেসকে ছাড়িয়ে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিন বারের বর্ষসেরা এই ফুটবলার।
 
রোনালদোকে পিএসজি পেতে চায় বলে কয়েক বছর ধরে গুঞ্জন চলছে। কিন্তু স্পেনের ক্রীড়া দৈনিক এএসের সঙ্গে কথা বলার সময় নিজের অবস্থান আরও একবার পরিষ্কার করেন ৩১ বছর বয়সী এই তারকা। 
 
তিনি বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদে অবসর নিতে চাই, যখন আমার বয়স ৪০ বছরের বেশি হবে। আমি এখানে খুব সুখে আছি এবং এটা অর্জন করতে কঠিন পরিশ্রম করব।’
 
মিলানের সান সিরোতে গত শনিবার আতলেতিকোকে হারিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে টাইব্রেকারে চূড়ান্ত গোলটি করেন রোনালদো।