কভার্ডভ্যানে করে পরিবহণের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চট্টগ্রাম শহরে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের কাপড়সহ তিন জনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- ফারুক (৩৩), রাশেদ (৩৬) ও চালক ইয়াছিন (২৮)। শনিবার দুপুরে রুবি গেইট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, কাপড়গুলোর কোনো সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে পারেননি তারা। ওগুলো ‘সিজার টেক্সটাইল’থেকে টেরিবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান তারা। জব্দ হওয়া কাপড়ের মধ্যে এক হাজার ৮১৮ কেজি গেঞ্জির কাপড় ও চার হাজার ৮৭১ গজ সুতি কাপড় রয়েছে।
এসব কাপড়ের দাম আনুমানিক ৫০ লাখ টাকা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রপ্তানিমুখী তৈরি পোশাকের জন্য বন্ডের আওতায় আনা এসব কাপড় খোলা বাজারে বিক্রি করে সরকারকে রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে।