রেলিগেশন এড়ানোর সঙ্কায় থাকা দলটিই এখন স্বপ্ন দেখছে সুপার লিগে খেলার। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরুর তিন ম্যাচে টানা হেরে রেলিগেশনের দুশ্চিন্তায় পড়ে যায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন কলাবাগান ক্রীড়া চক্র।
কিন্তু সর্বশেষ তিন খেলায় (ভিক্টোরিয়া, রূপগঞ্জ ও মোহামেডান) লিগের তিন শক্তিশালী দলকে হারিয়ে দশ খেলায় ১০ পয়েন্ট নিয়ে মাশরাফির দলটি এখন স্বপ্ন দেখছে সুপার লিগের।
সুপার সিক্সে খেলতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় কলাবাগান একাডেমিকে হারাতে হবে।
শনিবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে বিপুল শর্মার সেঞ্চুরিতে (১০০) ছয় উইকেটে ২৯০ রান সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাটিংয়ে নেমে হাসিনুজ্জামনের ৯৫ এবং তাসামুল হকের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ওভারের ৪১ বল হাতে রেখেই ছয় উইকেনের জয় নিশ্চিত করে কলাবাগান ক্রীড়া চক্র।
চলতি লিগের প্রথমবারের মতো খেলতে নেমেই ক্রীড়া চক্রকে দারুণ শুরু এনে দিয়েছেন হাসিনুজ্জামান। নাঈম ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে ৫৩ বলে আট ছয় এবং চারটি চারের মারে ৯৫ রান করেন হাসিনুজ্জামান। অন্যদিকে ১২৯ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন তাসামুল হক।
লিগের প্রথম তিন ম্যাচে আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরে যায় কলাবাগান ক্রীড়া চক্র। নিজেদের চতুর্থ ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে জয় পায় মাশরাফিরা। এরপর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হেরে যাওয়া দলটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে চমক দেখায়। পরের খেলায় আবার ব্রাদার্সের বিপক্ষে হার। এরপর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও লিজেন্ড অব রূপগঞ্জকে হারিয়ে রেলিগেশন এড়ায় করে ক্রীড়া চক্র। মোহামেডানকে হারিয়ে সুপার লিগের স্বপ্ন দেখছে কোচ জালাল আহমেদ চৌধুরীর শিষ্যরা।