রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক শোক বাণীতে সর্বকালের সেরা বক্সার হিসেবে পরিচিত মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বাণীতে রাষ্ট্রপতি বক্সার মোহাম্মদ আলীর তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট বক্সিং এর চ্যাম্পিয়ন হওয়ার কথা স্মরণ করে তাকে এযাবৎ কালের সর্বশ্রেষ্ঠ বক্সার হিসেবে উল্লেখ করে বলেন, 'মোহাম্মদ আলীর মৃত্যুতে বিশ্বের ক্রীড়াজগতের এক অপূরণীয় ক্ষতি হলো। তার নাম অমর হয়ে থাকবে।'
এদিকে, পাচঁদিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বাণীতে মোহাম্মদ আলীর তিন দশকের বক্সিং ক্যারিয়ারে তিনবার বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের অবিশ্বাস্য পারফরমেন্স স্মরণ করেন।
প্রধানমন্ত্রী শোক বাণীতে বলেন, 'মোহাম্মদ আলী ছিলেন মহান ব্যক্তিত্বদের একজন। তিনি সারা বিশ্বে বঞ্চিত ও নির্যাতিতদের অধিকার আদায়ে ছিলেন সব সময়ে সোচ্চার।'
মোহাম্মদ আলী গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আরিজোনার ফিনিক্সে স্থানীয় সময় সন্ধ্যায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘ ৩৫ বছর পারকিনসন্স রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ আলী ১৯৭৮ সালে স্ত্রীকে নিয়ে পাচঁদিনের সফরে বাংলাদেশে আসেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তার হাজার হাজার ভক্ত তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। মোহাম্মদ আলীকে বাংলাদেশের অনারারি নাগরিকত্ব দেয়া হয়। পল্টনের বক্সিং স্টেডিয়ামের নামকরণ করা হয় তার নাম অনুসারে।