জনবলসহ নানা সংকটে রায়পুর মত্স্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র

জনবল, বিদুত্ ও পানিসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে রায়পুরের মত্স্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র।
 
উত্পাদন মৌসুমে মার্চ-আগষ্টের শুরুতে প্রজনন কেন্দ্র মত্স্য রেণু ও পোনা উত্পাদন মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের জেলে ও মত্সজীবীরা। চাঁদপুর সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পাধীন দুই হাজার ৪২৮ হেক্টর আয়তনের বদ্ধ জলাশয়, দুই হাজার হেক্টর আয়তনের নদী, বোরপীট খাল ও প্রধান খালগুলোতে রুই জাতীয় মাছের রেণু ও পোনা সরবারহ করে মাছের উত্পাদন বাড়ানোর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ৫৪ একর জমির উপর ১৯৭৯ সালে মত্স্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের কাজ শুরু হয়। ১৯৮১ সালের দিকে কার্যক্রম শুরু হয়।
 
মত্স্য প্রজনন কেন্দ্র অফিস সূত্রে জানা গেছে, এ প্রজনন কেন্দ্রে এখন কৃত্রিম উপায়ে কাতল, রুই, মৃগেল, কালিবাউস, গ্রাসকার্প, সিলভার কার্প, বিগহের্ড কার্প, থাই সরপুটি, কমন কার্প, মিরল কার্প ও গিফ্ট তেলাপিয়া মাছের রেণু ও পোনা উত্পাদিত হচ্ছে। কিন্তু এক দশক পার হতেই নানা সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। ক্রমেই কমতে থাকে পোনা উত্পাদনের পরিমাণ। প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ৮১ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আছেন মাত্র ৩০ জন। তাদের মধ্যে দুটি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ছয়টি বৈজ্ঞানিক কর্মকর্তা ও একটি প্রশাসনিক কর্মকর্তার পদ আছে। কিন্তু কমরত আছেন মাত্র দুইজন। রেণু পোনা উত্পাদনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত মত্স্য সম্প্রসারণ সুপার ভাইজার ছয়টি পদের মধ্যে তিনটি, ফিসারম্যান আটটির মধ্যে চারটি এবং হ্যাচারি গার্ড আটটির মধ্যে চারটি পদ শূন্য আছে। এদের মধ্যেও অনেকেই চলতি বছর অবসরে যাবেন। এছাড়া কর্মকর্তাদের জন্য সাতটি আবাসিক ভবন রয়েছে। কিন্তু লোকবল না থাকায় চারতলা একটি ও একতলা তিনটি ভবন পরিত্যক্ত পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও জরাজীর্ণ হয়ে পড়েছে। এছাড়াও সংস্কার না হওয়ায় কেন্দ্রের ৬৯টি পুকুরের মধ্যে ৩০টি গত কয়েক বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। মাছ রাখার পুকুর ও পানির অভাবে চলতি বছর সাত হতে আট কেজি ওজনের দুই শতাধিক মূল্যবান ডিমওয়ালা মাছ (ব্রুড ফিস) মারা গেছে। পুকুরের পাড়গুলো নদী ভাঙনের মতো ভেঙে যাচ্ছে। অনেক পুকুর খেলার মাঠে পরিণত হয়েছে।
 
রায়পুর মত্স্য প্রজনন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নানা সমস্যায় নিমজ্জিত প্রজনন কেন্দ্রের সমস্যগুলো লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।