কোপা আমেরিকায় যাত্রা শুরুর প্রথম ম্যাচে হোঁচট খেল নেইমারবিহীন ব্রাজিল। প্রতিবেশী দেশ ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দুঙ্গার দল। বাংলাদেশ সময় রবিবার সকালে ক্যালিফোর্নিয়ার প্যাস্যাডিনার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের পঞ্চম মিনিটে গোলের প্রথম সুযোগ পায় ইকুয়েডর। কিন্তু মিলার বোলানোসের শট ডান পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। পরের মিনিটেই উইলিয়ানের ক্রস থেকে কৌতিনিয়োর শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। প্রথমার্ধের বাকি সময় ব্রাজিলের কর্তৃত্ব থাকলেও গোলের দেখা পায়নি দলটি।
দ্বিতীয়ার্ধের খেলাতেও গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ঘণ্টাখানেক পর জোনাসকে উঠিয়ে গাব্রিয়েল বারবোসাকে নামান দুঙ্গা। কিন্তু তাতেও কাজ হয়নি। ৬৬তম মিনিটে নিচু একটি ক্রসে বল ঠিকমতো ধরতে না পেরে জালেই ঢুকিয়ে দিয়েছিলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। কিন্তু ক্রসটির আগে বল লাইন পেরিয়ে যাওয়ায় বেঁচে যায় দুঙ্গার দল।
৮৩তম মিনিটে দ্বিতীয়ার্ধের দারুণ সুযোগ পেয়েছিলেন উইলিয়ানের বদলি হিসেবে নামা লুকাস মউরা। রেনেতো আগুস্তোর উঁচু পাস থেকে তার হেড ইকুয়েডর গোলরক্ষককে ফাঁকি দিলেও বল পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।