গুলি করে টাকা লুট: ৫০ হাজার টাকাসহ আটক ৩

 
ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে  ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ আট হাজার টাকা লুটের ঘটনায়  তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় লুট হওয়া টাকার মধ্যে ৫০ হাজার টাকা ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার ভোররাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া ও টিভি রিলে সেন্টার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- যশোর চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের আব্দুল জলিল সর্দ্দারের ছেলে সুজন হোসেন, ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন ও তার স্ত্রী রত্না খাতুন।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গত ২৯ মে সকাল দশটার দিকে শহরের পূবালী ব্যাংকের সিড়ির মধ্যে দুর্বৃত্তরা গুলি করে এক ব্যবসায়ীর ১০ লাখ আট হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করে। টাকা লুটের সময় ব্যবহৃত দুইটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া রত্না বেগমের কাছ থেকে রুট হওয়া টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
 
উল্লেখ্য, ২৯ মে ঝিনাইদহ শহরের রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুক ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য ব্যাগে করে টাকা নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকা লুট করে নিয়ে যায়।