‘ঈদের ১০ দিন আগ থেকে রাস্তা নির্মাণ কাজ বন্ধ’

রোজার ঈদের অন্তত ১০ দিন আগ থেকে নগর এলাকায় রাস্তাঘাট নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সব সিটি করপোরেশন মেয়রদের নিয়ে রবিবার সচিবালয়ে এক সভায় স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই নির্দেশ দেন।
 
সাংবাদিকদের উপস্থিতিতে সভায় বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তারা রোজা সামনে রেখে তাদের প্রস্তুতির কথা জানান।
 
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্মাণ কাজে ব্যবহৃত ইট, রড, সুড়কি ও অন্যান্য নির্মাণ সামগ্রী রাস্তায় না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজ ও বৃষ্টিতে সৃষ্ট রাস্তার গর্ত ও নর্দমা বন্ধ করতে হবে।
 
একই সঙ্গে রোজায় ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে বাজার তদারকি ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।