৯ হুজি সদস্যকে ৪ বছরের কারাদণ্ডাদেশ

 
ঝালকাঠিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নয় সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল করিম এই রায় দেন।
 
প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে  আরো তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলায় এদের প্রত্যেককে খালাস দিয়েছে আদালত।
 
সাজাপ্রাপ্তরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহলের মশিউর রহমান মিলন, নুরুল ইসলাম, বাকী বিল্লাহ ও সোহাগ, কাঁঠালিয়ার উপজেলার আওরাবুনিয়ার মো. জোবায়ের, গোপালগঞ্জের সিরাজুল ইসলাম, মাদারীপুরের আবুল বাশার মৃধা, আব্দুল আজিজ মাজুমদার ও মিনহাজুল আবেদিন।
 
গত ১৪ আগস্ট ২০১৩ তারিখে নলছিটির পশ্চিম কামদেবপুর মাদ্রাসায় আসামিরা গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করে। এরপর নলছিটি থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে এদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। পুলিশ ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখ আদালতে চার্জশিট প্রদান করে। এরপর ২০১৪ সালের ২৩ নভেম্বর তাদের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
 
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মান্নান রসুল।