‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে রবিবার গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ পালিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দুপুরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম খান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা, আওয়ামী লীগ নেতা আতাউল্যা মন্ডল, সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী প্রমুখ।
পরে প্রধান অতিথি পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক নাটিকা, মুকাভিনয় ও জাদু প্রদর্শন করা হয়।
এদিকে সকালে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক এস এম আলম র্যালিটি উদ্বোধন করেন। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুর টিআইবি’র উদ্যোগে মানববন্ধন এবং ব্র্যাক- গাজীপুর এর উদ্যোগে বন্য পশু সংরক্ষণে চিত্রাঙ্কন প্রদর্শন করা হয়।