উত্তরায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

রাজধানীর উত্তরায় একটি বাড়িতে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মনোয়ারা সুলতানা (৬৪)। শনিবার দিবাগত রাত দুইটার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির দোতালার ফ্ল্যাট থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ওই বৃদ্ধা পাঁচতলা এই বাড়িটির মালিক। তিনি ফ্ল্যাটটিতে একাই থাকতেন। তার অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দেয়া ছিল। তার স্বামী মৃত আবু ইউসুফ। তার তিন সন্তান অন্যত্র বাস করেন।
 
পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত কমিশনার আবদুস সালাম জানান, শনিবার রাত ৯টার পর থেকে তার সন্তানরা মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি রিসিভ করা হয় নি। রাত ১২টার দিকে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে ড্রয়িং রুমে ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে। তার ড্রয়ারগুলো ভাঙ্গা ছিল। ধারণা করা হচ্ছে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের জন্য ডাকাতরা এই বাড়িতে হামলা চালিয়েছে। তবে এই ব্যাপারে কোনো প্রত্যক্ষদর্শী মেলেনি বলে ঘটনাটি রহস্যজনক।