ফরিদপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

 
ফরিদপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় দশ মাস বয়সী সিয়াম নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির মা তানিয়া বেগম। রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
 
শিশু সিয়ামের পিতার নাম ইয়ার আলী। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার বনগ্রামে।
 
তানিয়া বেগমের অভিযোগ, সিয়াম শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে শনিবার বিকালে ফরিদপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তি করার পর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ হিস সায়াদের তত্ত্বাবধানে চিকিত্সা শুরু হয়। গতকাল রাত থেকেই সিয়ামের শ্বাসকষ্টজনিত সমস্যা কমতে থাকে। আজ সকাল ১০টা দিকে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হান্না বিশ্বাস সিয়ামকে একটি ইনজেকশন দেওয়ার সাথেই সিয়ামের মৃত্যু হয়।
 
এদিকে সিয়ামের মৃত্যুর পর পরই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হান্না বিশ্বাস হাসপাতাল থেকে সরে পড়েছেন। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
 
হাসপাতালের আরেক সিনিয়র স্টাফ নার্স চন্দনা চৌধুরী জানান, সিয়াম সুস্থ হয়ে উঠছিল। সকালে এ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয়ার পরেই তার মৃত্যু হয়।
 
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ হিস সায়াদ জানান, সকালে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে সিয়ামের মৃত্যু হয়। কোনো ভুল চিকিত্সায় তার মৃত্যু হয়নি।