ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শহরের পূর্ব বাজার এলাকায় বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে ১৬ টি পেট্রোল বোমা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র্যাবের যৌথ ভাবে রবিবার দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত অভিযান বাজারের শ্যামল মিয়ার ২ তলা বাসার নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ১৫ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এলাকায় দু‘পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার শহরের পূর্ব বাজারের বিভিন্ন বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় দুই তলা বাসার ছাদ সহ বিভিন্ন স্থান থেকে দেশীয় প্রায় ৫ শতাধিক টেটা উদ্ধার করে তারা। পরে পুলিশ পেট্রোল বোমার মত কিছু একটা দেখতে পেয়ে র্যাব সদস্যদের খবর দেয়। র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় সিড়ি রুমের পাশ থেকে তাজা ১৬ টি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে সন্দেহ হলে ধর্মীয় বই, চাইনিজ কুড়াল, রাম দা সহ বিভিন্ন ধারালো অস্ত্রসহ ১৫ জনকে আটক করে পুলিশ।
নির্বাচন পরবর্তী সহিংসতার আশংকায় এই অভিযান চালানো হয়।উল্লেখ্য, শনিবার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাহ্ উদ্দিনের সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী হাজী মো. নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়। এর জের ধরে আবারো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দুদলই অস্ত্রশস্ত্র মজুদ করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এসময় শ্যামল মিয়ার বাসার সিড়ির নিচ থেকে ১৬ টি পেট্রোল বোমা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার পরিবেশ শান্ত রাখার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।