ওয়ারেন্ট অব প্রিসিডেন্টে বার কাউন্সিল নেতৃবৃন্দের অবস্থান নির্ধারণ, সুপ্রিম কোর্টের পতিত জমি হতে ১০০ শতাংশ জমি বরাদ্ধসহ ছয় দফা দাবি জানিয়েছেন বার কাউন্সিল নেতৃবৃন্দ।
রবিবার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে এ সব দাবি জানান।
প্রতিনিধি দল বার কাউন্সিলের বর্তমান অবস্থা আইনমন্ত্রীকে অবহিত করেন। এ ছাড়া বার কাউন্সিলের নাম সরকারের বিধিবদ্ধ সংস্থার তালিকায় অন্তর্ভুক্তিকরণ, বর্তমান স্থানে ১৫ তলা ভবন নির্মাণ, বেনাভোলেন্ট ফান্ডে ৫০ কোটি টাকার অনুদান প্রদান, ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অবস্থান নির্ধারণ এবং কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি সরকারের রাজস্ব খাত হতে প্রদানের দাবি জানান নেতৃবৃন্দ।
আইনমন্ত্রী প্রতিনিধি দলের দাবি যথাস্থানে উপস্থাপন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিল ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শ.ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।