শ্রীলঙ্কায় দ্বিতীয় দফার ত্রাণ সামগ্রী হস্তান্তরিত

শ্রীলঙ্কার সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে কবলিত মানুষের সাহায্যে বাংলাদেশ থেকে প্রেরিত ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালান রবিবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বঙ্গবন্ধু’ যোগে কলম্বো সমুদ্র বন্দরে পৌঁছেছে।  ‘বিএনএস বঙ্গবন্ধু’ এর ওপর আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান বাংলাদেশ সরকারের পক্ষে এই ত্রাণ সামগ্রী শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব, এস, এস, মিয়ানাওয়ালা-এর কাছে হস্তান্তর করেন। 
 
ত্রাণ সামগ্রীর এই দ্বিতীয় চালানে রয়েছে পানি, পানি বিশুদ্ধকারী কিট, তাঁবু, মশারী, বিদ্যুৎ জেনারেটর, পোশাক-পরিচ্ছদ, রেইন কোট, ইত্যাদি, যা বিমান বাহিনীর সি-১৩০ বিমানে গত ২৭ মে ২০১৬ তারিখে জরুরী ভিত্তিতে প্রেরিত প্রথম চালানেও অন্তর্ভুক্ত ছিল। বর্তমান দ্বিতীয় চালানে চার্জার লাইট, শিশু খাদ্য, ওষুধ, ব্যক্তিগত পরিচ্ছন্ন সামগ্রী, চাল-এর মত নতুন সামগ্রীও বন্যার্তদের পরিবর্তিত চাহিদা মোতাবেক প্রেরণ করা হয়। 
 
প্রথম চালানের ৯ টন ও দ্বিতীয় চালানের ১১০ টন সহ মোট ১১৯ টন ত্রাণ সামগ্রী বাংলাদেশ থেকে শ্রীলংকায় প্রেরণ করা হল, যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা।  
 
দ্বিতীয় চালানের ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলংকা নৌবাহিনীর পশ্চিম অঞ্চলের অধিনায়ক, রিয়ার এডমিরাল জয়ন্ত ডে সিলভা; বাংলাদেশ হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, কমডোর আসলাম পারভেজ, বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর, সাকিব সাদাকাত; ‘বিএনএস বঙ্গবন্ধু’ এর ক্যাপ্টেন জাহাঙ্গির আদিল সামদানি অন্যান্য কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ।  
 
IMG0
 
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের সচিব ত্রাণ সামগ্রী প্রেরণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর ধন্যবাদ  জানান। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ থেকে দ্বিতীয় ধাপে প্রেরিত এ ত্রাণ সামগ্রীসমূহ শ্রীলংকার বন্যার্ত মানুষের মধ্যমেয়াদী পুনর্বাসনে জন্য অত্যন্ত কার্যকর হবে। 
 
শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান বলেন,  সাম্প্রতিক প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত বন্ধুপ্রতিম শ্রীলংকার জনগণের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সরকারের প্রেরিত ত্রাণ সামগ্রী হস্তান্তর করতে পেরে তিনি গর্বিত বোধ করছেন। তিনি আরো বলেন যে, এ ত্রাণ প্রেরণ দুই দেশের মধ্যে বিরাজমান আন্তরিক বন্ধুত্ব ও পারষ্পরিক সহযোগিতারই এক নিদর্শন। 
 
ইতোপূর্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনার কাছে গত ২০ মে ২০১৬ তারিখে প্রেরিত এক বার্তায় সেদেশে বন্যা ও ভূমিধ্বসের কারণে প্রাণ ও সম্পত্তির ক্ষয়-ক্ষতি এবং উদ্বাস্তু মানুষের জন্য সমবেদনা জানান এবং শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।