প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি বলেন, বার ও বেঞ্চ সুসম্পর্ক বজায় রেখেই বিচারকাজ পরিচালনা করছে। আইনজীবীদের সহযোগিতা ব্যতীত বিচারকাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্ট ও তিন নেতার মাজার সংলগ্ন ‘ন্যায় সরণি’ নামক সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের যাতায়াতের সুবিধার্থে এ সড়কটি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, আমরা কোনো কাজেই বাড়াবাড়ি করছি না। সবকিছুই আইন মোতাবেক হচ্ছে এবং হবে। তিনি বলেন, বাজেটে সুপ্রিম কোর্টের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে আমাদের সমস্যা নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শম রেজাউল করিম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত অর্ধ কোটি টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ। এ সড়ক ব্যবহার করে তিন নেতার মাজারের পাশ দিয়ে অল্প সময়ে সুপ্রিম কোর্টে প্রবেশ ও বের হওয়া যাবে।