আরো দুটি ফুটওভার ব্রিজ উদ্বোধন

ঢাকা মহানগরীর বায়ু দূষণ, যানজট ও ট্রাফিক দুর্ঘটনা কমানো এবং একই সঙ্গে ট্রাফিক প্রবাহ ও পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য নগরীতে আরো দুটি ফুটওভার ব্রিজ চালু হয়েছে। গতকাল রবিবার বিকালে শাহবাগের ইন্টারসেকশনের নিকট নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন। অপরদিকে মেয়র সাঈদ খোকন আইডিয়াল স্কুল সংলগ্ন পীরজঙ্গি মাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন।
 
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বব্যাংক সহায্যপুষ্ট নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের আওতায় এ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। পরিবেশ অধিদপ্তর, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
 
এ প্রকল্পে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন অংশের সর্বমোট প্রকল্প ব্যয় ৩১৮ কোটি ৪৭ লাখ টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ ৬ কোটি ৬৬ লাখ এবং বিশ্বব্যাংক প্রকল্প সাহায্য ৩১১ কোটি ৮১ লাখ টাকা।
 
প্রকল্পের অংশ হিসাবে অন্যান্য অবকাঠামো উন্নয়নসহ ঢাকা মহানগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তিন পর্যায়ে ৫০ কোটি টাকা বরাদ্দের আওতায় ২৩টি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রকল্প চলমান আছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে ১১টি এবং উত্তর সিটি করপোরেশনের অধীনে ১২টি। ইতোমধ্যে ২১টি ফুটওভার ব্রিজ পথচারী পারাপারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
 
ফুটওভার ব্রিজ ব্যবহারের মাধ্যমে নিরাপদে পথচারী পারাপারের সুযোগ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।