কোপা আমেরিকার গতবারের চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হচ্ছে এই আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল আটটায় মুখোমুখি হবে সর্বশেষ কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট। ম্যাচটি আর্জেন্টিনার জন্য প্রতিশোধের উপলক্ষ, অন্যদিকে চিলির জন্য নিজেদের খুঁজে পাওয়ার ম্যাচ।
গত বছর নিজেদের আঙিনায় ফাইনালে টাইব্রেকারে লিওনেল মেসিদের হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল চিলি। সান্তিয়াগোর সেই মাঠেই এ বছরের মার্চে প্রতিশোধের একটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে স্বাগতিক চিলিকে ২-১ গোলে হারিয়ে সুযোগ কাজেও লাগায় জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
এই লড়াইয়ের আগে আর্জেন্টিনা ও চিলি দলে দুই রকমের অনুভূতি। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফেভারিটের তালিকায় চিলির নামও থাকছে, তবে দলটির সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে তাদের শিরোপা ধরে রাখার পক্ষে বাজি ধরার লোক হয়ত খুব বেশি পাওয়া যাবে না।
কোপা আমেরিকার প্রস্তুতিপর্বে জ্যামাইকা ও মেক্সিকোর বিপক্ষে খেলা দুটি ম্যাচই হারে তারা। সবশেষ খেলা পাঁচ ম্যাচের চারটিতেই হারার তিক্ত স্বাদ পেতে হয়েছে গত বিশ্বকাপে ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয়া চিলির। কোপা আমেরিকার শিরোপা জেতানো হোর্হে সামপাওলি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর একটু যেন বিবর্ণ হয়ে পড়ে দলটি। নতুন কোচ হুয়ান আন্তোনিও পিস্সি চিলিকে নিয়ে এখনও সেভাবে গুছিয়ে উঠতে পারেননি।
বিশ্বকাপ বাছাইপর্বের অভিযানের শুরুটা ভালোভাবে না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে আর্জেন্টিনা। বাছাইপর্ব আর প্রীতি ম্যাচ মিলিয়ে নিজেদের সবশেষ ৬ খেলায় অপরাজিত তারা; এর মধ্যে আছে টানা চারটি জয়।
চিলির আক্রমণভাগের বড় ভরসা আলেক্সিস সানচেস অনেক দিন ধরেই গোল-খরায় ভুগছেন; জাতীয় দলের হয়ে সবশেষ তিনি গোল পান গত অক্টোবরে, বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে। তার জোড়া গোলেই ম্যাচটি ৪-৩ গোলে জিতেছিল চিলি।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচ শেষে কোচ আন্তোনিও বলেন, 'আমি শান্তই আছি, গোল আসবে। একটা পর্যায় আছে যেটা নিশ্চিত করে খেলোয়াড়রা সাফল্য পাবে। আমাদের অবশ্যই মনোযোগ ধরে রাখতে হবে।'
অন্যদিকে, আর্জেন্টিনার সব তারকারাই আছেন দারুণ ফর্মে। বার্সেলোনার হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়ে এসেছেন দলের সবচেয়ে বড় তারকা মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪১ গোল করা ছাড়াও মৌসুম জুড়ে বরাবরের মতো গোল করাতেও দারুণ কার্যকর ছিলেন তিনি। বার্সেলোনার ঘরোয়া 'ডাবল' জয়ে বড় ভূমিকা রাখেন ক্লাবটির ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোও।
গনসালো হিগুয়াইন কোপা আমেরিকায় আসেন ৩৬ গোল করে ইতালির সিরি'আ লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে। ক্লাব ফুটবলে ভালো খেলা নাপোলির এই ফরোয়ার্ড অবশ্য জাতীয় দলের হয়ে আলো ছড়াতে পারছেন না। এবার অবশ্য ক্লাবের পারফরম্যান্স জাতীয় দলেও বয়ে নিতে প্রত্যয়ী তিনি।
ম্যানচেস্টার সিটিকে শিরোপা জেতাতে না পারলেও সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ গোল করেন সার্জিও আগুয়েরো। জেমি ভার্ডির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। পিএসজির ফরাসি লিগ জয়ে বড় ভূমিকা রাখা আনহেল দি মারিয়াও আছেন দারুণ ফর্মে।
সম্প্রতিক পারফরম্যান্সের মতো মুখোমুখি লড়াইয়েও বেশ পিছিয়ে আছে চিলি। র্যাংকিংয়ের এক নম্বরে থাকা আর্জেন্টিনার সঙ্গে এ পর্যন্ত ৮৬টি ম্যাচ খেলেছে র্যাংকিংয়ের পঞ্চমে থাকা দলটি। এর মধ্যে ৫৭টিতেই হারে তারা, জেতে কেবল ৬টি ম্যাচ।
অনেক ইতিবাচক বিষয়ের মধ্যেও আর্জেন্টিনা দলকে অস্বস্তি দিচ্ছে মেসিকে পাওয়া না পাওয়ার অনিশ্চিয়তা। গত ২৮ মে হন্ডুরাসের বিপক্ষে কোপা আমেরিকার একমাত্র প্রস্তুতি ম্যাচের ৬৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লেগেছিল তার।
এর পরই শঙ্কা জাগে, চিলির বিপক্ষে ম্যাচের আগে হয়ত নাও সেরে উঠতে পারেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা। তবে বার্সেলোনার আদালতে কর ফাঁকির মামলার শুনানি শেষ করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। কোপা আমেরিকার অভিযান শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিতে একা অনুশীলনও করেছেন। বিডি নিউজ।