শার্শায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘর ভাঙচুর, বোমা বিস্ফোরণ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায়  প্রায়  ৪০টি ঘর-বাড়ি ভাঙচুর   হয়েছে।  এ সময়  কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।  এ ঘটনায়  দাতখালি গ্রাম পুরুষশুন্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন গ্রামের নারীরা।
 
৪ জুন  নির্বাচনের পর  আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা একই দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়ি ভাঙচুর ও হামলা চালায়। এতে গুরুতর আহত দাতখালি গ্রামের মিজানের স্ত্রী আছিয়া বেগম (৩০) ও একই গ্রামের কাশেমের ছেলে কালু (৩৫) আহত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন  রয়েছেন।
 
এলাকার কয়েকজন নারী জানান, সন্ত্রাসীরা  ওই প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায় এবং ফাঁকা বোমা বর্ষণ করে আতঙ্ক ছড়ায়।
 
তারা আরো জানায়, এলাকার চিহিৃত সন্ত্রাসী আকিদুল, মাদুদ ও কাদের তাদের বাড়ি-ঘরে প্রকাশ্যে হামলা চালায় এবং ভাঙচুর করে।
 
শার্শার দাতখালি গ্রামে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, গ্রামের অধিকাংশ টালির ঘর, বাড়ির কিছু আসবাব পত্র এবং বাথরুম ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
 
মহিলা মেম্বার কমলা বেগম জানান, তার বাড়ি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে টাইলস ও তালা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
 
এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ হাসান ফিরোজ টিঙ্কু এবং একই দলীয় বিদ্রোহী প্রার্থীর মধ্যে  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুইজন নির্বাচনে অংশ নেন।
 
নবনির্বাচিত চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু  ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, ‘আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে এনেছি। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে আমি দেখব। কোনো নিউজ করার প্রয়োজন নাই।’
 
পরাজিত বিদ্রোহী প্রার্থী আলতাপ হোসেন বলেন, ‘কোনো এক অদৃশ্য গডফাদারের জন্য এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে নৌকা সমর্থিত লোকজনের উপর।’
বাগআচড়া ফাঁড়ির এসআই হাবিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রেণে রয়েছে।