ইছামতি নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পুটখালি সীমান্তের ইছামতি নদী থেকে গোলজার আলী (৭০) নামে এক বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আতাব মোড়লের ছেলে।
 
সোমবার ভোরের দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
মৃত গোলজারের ছেলে পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীতায় ভুগছিলেন। গোলজার সব সময় বাড়িতেই থাকতেন। শনিবার ভোটের দিন তিনি বাড়ি থেকে বের হয়ে যান। দুইদিন তার কোনো খোঁজ না পেয়ে বাড়ির সবাই চিন্তিত ছিল। সোমবার ভোরে ইছামতি নদীতে একটি লাশ ভাসার খবর পেয়ে তারা বিষয়টি পুটখালি বিজিবি ক্যাম্পে জানায়। পরে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা গাইঘাটা পুলিশের সহযোগিতায় লাশটি নদী থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। মৃতের ছবি দেখে বিজিবি লাশটি সনাক্ত করা হয়।
 
পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার শামছুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ চেয়ে  বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুপুরের দিকে লাশটি পাওয়া যেতে পারে।