ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সব সময় থাকবে চকচকে, ঝকঝকে। এজন্য যা যা করার ডিএসসিসি করবে বলেও আশ্বাস দেন মেয়র।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‘আমাদের ক্যাম্পাস আমরাই রাখবো সুন্দর’ স্লোগানে এ পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।