শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়ার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে রবিবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শ্রীলংকার স্পিকার বাংলাদেশের ডেপুটি স্পিকারের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ডেপুটি স্পিকার শ্রীলংকার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যাবলী এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
আগামী ৯ জুন শ্রীলংকা-বাংলাদেশ পার্লামেন্টারি এসাসিয়েশনের যে যাত্রা শুরু হতে যাচ্ছে তার সফলতা কামনা করে ডেপুটি স্পিকার বলেন, এ উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরও মজবুত করবে। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় শ্রীলংকার স্পিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উৎপাদনমুখী কর্মকাণ্ড ও কূটনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন। বাংলাদেশ পার্লামেন্টের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ’র চেয়ারপার্সন এবং সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
সিপিএ ও আইপিইউ নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করার জন্য শ্রীলংকাকে ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার। স্বাধীন দেশ হিসেবে শ্রীলংকার বাংলাদেশকে সমর্থন করার কথাও উল্লেখ করেন তিনি।
শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়া বলেন, প্রথমবারের মত বাংলাদেশ সফরে এসে বুঝতে পারছি- এটি খুব সুন্দর একটি দেশ এবং বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ন। বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন দিন দিন আরো দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত এইচ ই যশোজা গুণাসেকেরা , সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদার, সংসদ সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রীলংকান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-বাসস