জাতীয় সংসদের মুলতবি বৈঠক আজ বিকালে শুরু হচ্ছে। তিন দিন বিরতির পর সোমবার বিকালে সাড়ে ৫টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হবে।
এই বাজেট অধিবেশন ১ জুন শুরু হয়। আর ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেট পেশ করেন। রেওয়াজ অনুযায়ী বাজেট পেশের পর তিন দিন সংসদের বৈঠক মুলতবি রাখা হয়। এই অধিবেশন চলবে ২৮ জুলাই পর্যন্ত।
কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান মাসে সংসদের বৈঠক সকাল ১০টায় শুরু হবে। স্পিকার প্রয়োজনে এ সময় পরিবর্তন করতে পারবেন। ঈদুল ফিতর উপলক্ষে এই অধিবেশন ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুলতবি থাকবে। এছাড়া বাজেট বক্তৃতার ওপর কমপক্ষে ৪৫ ঘণ্টা আলোচনা হবে।