বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকারের সময়ে হত্যাকাণ্ড চলছেই। এসব হত্যাকাণ্ডের কোন তদন্ত না করেই সরকার বলে দিচ্ছে এগুলো বিরোধী দলের কাজ। জনগণ বিশ্বাস করে বিরোধী দলকে দোষারোপ করতেই হত্যাকাণ্ড ঘটাচ্ছে সরকার।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে মেয়র অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রশাসনের নির্যাতনের কারণে বিএনপির অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে। সরকার ও প্রশাসন সেখান থেকে আটক করে কারাগারে নিক্ষেপ করে অথচ কারা এসব হত্যা করছে সরকার সেসব সন্ত্রাসীদের ধরতে পারছে না। এতে জনগণের মনে প্রশ্ন জাগে এসব হত্যা সরকারের লোকেরা করছে কিনা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় নেতা কর্মীদের নিপীড়ন নির্যাতন এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।