ভবন ঝুঁকিপূর্ণ: মৌচাক মার্কেটের দোকান বন্ধের নির্দেশ

 
ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় মৌচাক মার্কেটের পাঁচতলা ভবনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, বুয়েটের সুপারিশ অনুযায়ী এই ভবন সংস্কার করা ও বিল্ডিং কোড অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ভবনের দোকানপাট বন্ধ রাখতে হবে।
 
সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
 
২০১৪ সালে ৭ মে রাজউক ভবন ঝুঁকিপূর্ণ মর্মে ভবনের স্বত্বাধিকারীদের নোটিশ দেয়।  একই সঙ্গে বুয়েটের প্রকৌশল বিভাগ দ্বারা ভবনের সক্ষমতা নির্ণয়ের জন্য বলা হয়। পরে বুয়েট একটি রিপোর্ট দেয়। সেখানে বলা হয়, ভবনটি ঝুঁকিপূর্ণ। সংস্কার না করা পর্যন্ত সেখানে ব্যবসা বন্ধ রাখার নির্দেশ চাওয়া হয়।
 
পরে ভবনের মালিক আশরাফ কামাল পাশা রাজউকের চিঠি চ্যালেঞ্জ করে রিট করেন। আজ রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মোতাহার হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জোনরেল মোখলেসুর রহমান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেয়।