মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালডাঙ্গি মোড়াবাড়ি ও তারাইল এলাকায় বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে সাংসারিক কাজ করা সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বানিয়াজুরী ইউনিয়নের মোড়াবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী চায়না আক্তার (২৫) ও তারাইল গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী বিলকিস বেগম স্বপ্না (৩৫)।
বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চতু জানান, স্বজনদের সঙ্গে চায়না বাড়ির পাশে ধান মাড়াই শেষে বাতাসে খড় পরিষ্কার করছিলেন। আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। চায়না দুই ছেলে সন্তানের জননী।
এদিকে একই সময়ে বৃষ্টির মধ্যে স্বপ্না নিজ বাড়ির উঠানে টিউবওয়েলে পানি আনতে যান। এ সময় টিউবওয়েলের পাশে নারিকেল গাছসহ তার ওপর বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।