হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাটে চাঞ্চল্যকর জিয়াউল হাসান সুমন হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও  তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ সোমবার বিকালে এ রায় প্রদান করেন । মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত হলেন- জয়পুরহাট শহরের পাটারপাড়া মহল্লার আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩২)। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন- আব্দুল মজিদের ছেলে মনোয়ার হোসেন (৩০), ছানোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ স্বপন (২৬) ও আব্দুল মোমিনের ছেলে মিঠু হোসেন (২৪)। প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এ মামলায় আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
 
মামলা সূত্রে জানা যায়, জিয়াউল হাসান সুমনের পকেট থেকে ১৫ হাজার ৮শ টাকা তুলে নেয়া সংক্রান্ত ঘটনার জের ধরে ২০১৩ সালের ২৩ জুন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মোড়ে একটি দোকানের সামনে সাজা প্রাপ্তরা সুমনকে ধারালো কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আকতার বাদী হয়ে ২৩ জুন সদর থানায় ওই ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।