গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ওয়ারি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে মেরিনার ইয়াংস ক্লাব। সোমবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে আরশাদ, চয়ন, রাকিব এবং ওয়াকারের গোলে ওয়ারিকে ৪-২ গোলে হারিয়েছে মেরিনার্স।
ওয়ারির হয়ে গোল দুটি করেছেন মুসা মিয়া। মুসা দলকে এগিয়ে দিলেও ১৬ মিনিটে আরশাদ হোসেনের ফিল্ড গোল খেলায় ১-১ এ সমতা আনে।
এরপর আবার ২৮ মিনিটে মেরিনারের জালে বল ঠেলে মুসা মিয়া ব্যবধান ২-১ এ নিয়ে গেলেও প্রথমার্ধ শেষের মাত্র ২ মিনিট আগে চয়নের পেনাল্টি কর্নারের গোলে ২-২ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৪৩ মিনিটে রাকিব ও ৫৮ মিনিটে ওয়াকার গোল করেন। বাকি সময় আর কোনো গোল না হলে ম্যাচ শেষে ৪-২ এর জয় নিয়ে টার্ফ ছাড়ে মেরিনার।