মসজিদে বোমা হামলাকারী শনাক্ত, সহযোগী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর চকপাড়া আহমেদিয়া (কাদিয়ানী) সম্প্রদায়ের মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত যুবকের সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য জামাল উদ্দিন (২৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষীপুর গ্রামের জনৈক তফজুলের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল। 
অন্যদিকে বাগমারায় কাদিয়ানী মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম তারিক আজিজ (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রুপনগর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু সালেকের ছেলে।
 
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিশারুল আরিফ এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত জামাল উদ্দিন গত বছর ২৫ ডিসেম্বর বাগমারার মচমইল সৈয়দপুর চকপাড়ার কাদিয়ানী মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত তারিক আজিজের ঘনিষ্ট সহযোগী। ঐ বিস্ফোরণের সময় তারিকের সাথে বন্দুকযুদ্ধে নিহত জামাল উদ্দিনও উপস্থিত ছিল।
 
তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে জামাল উদ্দিনকে চাঁপাইনবাবগঞ্জের বাবুডায়িং এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী আত্মঘাতী তারিক ও তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ উভয়ের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ তাদের ভোটার আইডি জব্দ এবং তারিকের মা তাসলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।