জানুয়ারি ২০১৪ থেকে এপ্রিল ২০১৬ পর্যন্ত কোনো নতুন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ মঙ্গলবার সকালে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে টেবিলে উত্থাপিত মো. আবদুল্লাহর (লক্ষীপুর-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
১ জুন শুরু হওয়া একাদশ অধিবেশনের মঙ্গলবারের অধিবেশন মাহে রমজান উপলক্ষে সকাল ১০টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হয়।
সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল ইসলামের (যশোর-২) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪৫টি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রয়েছে। তবে চেকোশ্লোভাকিয়া, ইউএসএসআর ও যুগোশ্লাভিয়া-এই তিনটি দেশ বিভক্ত হয়ে নতুন দেশ সৃষ্টি হওয়ায় উল্লেখিত দেশসমূহের সঙ্গে সম্পাদিত চুক্তিসমূহ বর্তমানে কার্যকর নেই।