সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার সকালে মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি মুলিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কোমল পানীয়বাহী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা আরো একটি ট্রাক খুঁটিবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খুঁটিবাহী ট্রাকের চালক রহিমের মৃত্যু হয়। অপর দুই ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।