অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করার দায়ে হোমনা উপজেলার চান্দেরচর রিহাব ডিজিটাল হাসপাতালটিতে সিলগালা করে তালা ঝুলিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক কাজী শহিদুল ইসলাম হাসপাতালটি সিলাগালা করে দেন। ইউএনও জানান, চান্দেরচরে অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. মো. হাসান আলীর এমন অভিযোগে দুপুরে হাসপাতাল পরিদর্শনে গেলে হাসপাতালের মালিক ও ডাক্তারসহ অন্যরা পালিয়ে যান। পরে হাসপাতালের কর্তৃপক্ষসহ কাউকে না পেয়ে হাসপাতালটিতে সিলগালা করে দেয়া হয়।
জানা গেছে, গত রবিবার রাতে হোমনা উপজেলা যুবদলের সহসভাপতি জহিরুল ইসলাম জগলুলের স্ত্রী মরিয়ম বেগমের (৪২) প্রসব বেদনা উঠলে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে মরিয়ম বেগমের সিজারিয়ান অপারেশন করলে তিনি মারা যান। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. মো হাসান আলীর নিকট অভিযোগ করেন।
উল্লেখ্য, সরকারের অনুমোদন ছাড়াই উপজেলায় বেশ কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে লোকজনকে শোষণ ও অপচিকিৎসা করছে বলে জানা গেছে।