অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে কিছু ক্ষেত্রে যে মাত্রায় লুটপাট হয়েছে তাকে পুকুর চুরি নয়; সাগর চুরি বলা যায়। মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, এখানে অনেক দোষ-ত্রুটি হয়েছে বটে। কিছু কিছু ক্ষেত্রে লুটপাট হয়েছে। ফরাজী সাহেবের সাথে আমিও বলতে চাই, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে।
অর্থমন্ত্রী ব্যাংক খাতের জন্য ২৩৮ কোটি দুই লাখ ৪৪ হাজার টাকা বেশি বরাদ্দের পক্ষে বললে এর বিরোধিতা করেন রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, ব্যাংক খাত থেকে টাকা চুরি হয়ে গেছে। সব ব্যাংকের একই অবস্থা। বাংলাদেশ ব্যাংকে পচন ধরেছে। ৮০০ কোটি টাকা কর্মকর্তাদের যোগসাজশে চুরি হল। সব চুরির সাথে ঐ ব্যাংকের কর্মকর্তারা জড়িত। পৌনে তিন লাখ হাজার কোটি পাচার হয়েছে। ৩০ হাজার কোটি টাকা চুরি হয়েছে। এগুলোকে পুকুর চুরি না বলে সাগর চুরি বলা যায়।
এর আগে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, প্রোজেকশন ইজ প্রোজেকশন। এটা পরিবর্তন হতেই পারে। আমরা যেটা দিয়েছি, আগামী তিন মাসে পরে আমাদেরটাই সঠিক হবে। সেটা তারা মেনে নেবে। চলতি বছরের প্রথম নয় মাসের হিসাব কষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে, এবার ৭ দশমিক ০৫ শতাংশ প্রবৃদ্ধি হবে। আমাদের নিজস্ব গবেষণা আছে। আমাদের পরিসংখ্যান ব্যুরো অনেক দক্ষ। আমাদের তথ্য নিয়েই তারা (আন্তর্জাতিক প্রতিষ্ঠান) কাজ করে।