১০ মামলায় জামিন পেলেন মাহফুজ আনাম

মানহানির ১০ মামলায় ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ৮ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
 
এর আগে হাইকোর্ট ৬৬টি মামলায় মাহফুজ আনামকে জামিন দেয়। এছাড়া নিম্ন আদালতে হাজির হয়ে ৬টি মামলায় জামিন নিয়েছেন তিনি। এই নিয়ে সর্বমোট ৮২ মামলায় জামিন পেয়েছেন তিনি। উল্লেখ্য, বিগত সেনা সমর্থিত সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন মানহানিকর উল্লেখ করে দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব মামলা করেন।