নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁড়ালকাটা নদীর উপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোটি দুটি উপজেলার প্রায় ২০ হাজার লোকের যাতায়াতের একমাত্র ভরসা। নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও বর্তমান আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রায় আট বছর আগে সাঁকোটি উদ্বোধন করে গ্রামবাসীকে অল্প সময়ের মধ্যে একটি ব্রিজ করার প্রতিশ্রতি দিলেও তা আজো বাস্তবায়ন হয়নি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার নিতাই ইউনিয়নের সীমান্ত গ্রাম চকেয়াপাড়া, কোরানীপাড়া, আদিয়ার পাড়া, নিতাই হাট ও পশ্চিমে নীলফামারী সদরের চাপড়া সরনজামী গ্রাম। এসব গ্রামে বাস করে ১০ হাজার মানুষ। এছাড়াও গ্রামে রয়েছে গাংবের সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ুয়া হাফেজিয়া মাদরাসা, নিতাই উচ্চ বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠান। স্কুল মাদরাসার ছাত্রছাত্রীদের পারাপারের একমাত্র অবলম্বন একটি বাঁশের সাকো। তাছাড়া এসব নদী পাড়ের মানুষগুলোকে ভারি কোন মালামাল নিয়ে এক কিলোমিটারের পথ যেতে হয় ছয় কিলোমিটার ঘুরে। এসব দুর্ভোগ লাঘবের জন্য গ্রামবাসীরা চাঁদা তুলে এক লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় করে নদীর উপর স্বেচ্ছাশ্রমে ২০০ মিটারের বেশি একটি বাঁশের সাঁকো নির্মাণ করে। প্রায় আট বছর আগে আসাদুজ্জামান নূর সেই বাঁশের সাঁকোটি উদ্বোধন করে। উদ্বোধনকালে তিনি গ্রামবাসীদের প্রতিশ্রতি দেন কিছু দিনের মধ্যেই চাঁড়ালকাটা নদীর উপর ব্রিজ নির্মিত হবে। সেই বাঁশের সাঁকোটি গ্রামবাসী এ পর্যন্ত কয়েকবার নির্মাণ করেন কিন্তু মন্ত্রির প্রতিশ্রতির বাস্তবায়ন আর হয়নি।
স্থানীয় কৃষক সমিতির সভাপতি মহুবার রহমান বলেন, মন্ত্রির প্রতিশ্রতির বাস্তবায়ন না হওয়ায় গ্রামবাসীর অর্থায়নে ২০১৪ সালে আরসিসি পিলার দিয়ে চার লক্ষ টাকা ব্যয়ে আবারো একটি সাঁকো নির্মাণ করা হয়।
নীলফামারী ২ আসনের সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।