২০১৭ পর্যন্ত জুভেন্টাসেই থাকছেন এভরা

২০১৭ সাল পর্যন্ত সিরি-আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করেছেন ফ্রেঞ্চ ডিফেন্ডার প্যাট্রিস এভরা। তবে আরো এক বছরের জন্য তার চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে নতুন চুক্তিতে। 
 
২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডর থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন এভরা। তিনি আসার পরেই তুরিনের ক্লাবটি পরপর দুই বছর লিগ ও কাপ শিরোপা জয় করার কৃতিত্ব দেখায়। চুক্তি নবায়নের পরপরই ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার ইন্সটাগ্রামে লিখেছেন, ২ বছর, ৫ শিরোপা! আগামী দুই বছরও একই দেখতে চাই সাথে চ্যাম্পিয়নের তকমা।
 
এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে গত মৌসুমে এভরা নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। বিশেষ করে বুফনের সাথে মিলে পুরো দলকে তিনি আরো আত্মবিশ্বাসী করে তুলেছিলেন। মৌসুমের শুরুটা ভাল না হলেও সম্ভাব্য ৯০ পয়েন্টের মধ্যে ৮৫ পয়েন্ট দিয়ে ক্লাবের পঞ্চম লিগ শিরোপা জয়ে তাদের অবদান অনস্বীকার্য। মিরর।