দুশানবেতে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইতিবাচকভাবেই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
খেলা শুরুর আগে কোচ লোডভিক ডি ক্রুইফ, কোচ মামুনুল ইসলাম ইতিবাচক মনোভাব নিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের ফিরতি লেগ শুরু করতে আগ্রহী। নির্ভার তাজিকিস্তান কোচ বাংলাদেশের রণকৌশল নিয়ে ভাবছেন না মোটেও। বাংলাদেশ থেকে এবার জয় নিয়েই ফেরার ছকে মনোযোগ তার।
ক্রুইফ বলেন, ‘নিজেদের মাঠে আমরা ভালো ফলের জন্য নামব। যদি ড্র হয়, তাহলে খুশি হব আমি। যদি জেতা সম্ভব হয়, তাহলে জয়ের জন্য ছুটব। যদি সবকিছু দিয়ে হেরে যাই, তাহলে ভালো প্রতিপক্ষের কাছে হেরে যাওয়ার সন্তুষ্টি থাকবে আমার।’
অন্যদিকে অতিথি দলের কোচ খাকিম ফুজাইলোভ সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সেরা ফল নিয়ে দেশে ফেরার আগের দিনের ঘোষণাতে থাকলেন অটল। মামুনুলদের কৌশল নিয়েও ভাবনা নেই তার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা গত দুই ম্যাচের ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য খাকিমের।
তিনি বলেন, ‘যখন আমরা পরের ম্যাচের প্রস্তুতি নিই, তখন আগের ম্যাচের ফল ভুলে যাই। তাদের (বাংলাদেশের) দুর্বলতা, শক্তি নিয়েও বিশ্লেষণ করছি না। তাদের অনুশীলনও আমরা দেখিনি; কৌশল সম্পর্কেও জানি না। তবে আমরা এখানে সব শেষ দুই ম্যাচ ড্র করেছি। এটা বাংলাদেশের জন্য বড় ম্যাচ এবং আমরাও সর্বোচ্চটুকু দিয়ে ম্যাচটি জিততে চাই।’
বাংলাদেশের আবহাওয়ার আর্দ্রতা, ভিন্ন ঘরনার খাবার সমস্যায় ফেলেছে তাজিকিস্তানকে। মামুনলদের সমস্যা মাঠে; সেট-পিস থেকে গোল হজমের পুরনো দুর্বলতা। এর সঙ্গে যোগ হয়েছে মিডফিল্ডার মোনায়েম খান রাজুর চোট। দুশানবের ম্যাচে গোলরক্ষক শহিদুল ইসলামের ভুলগুলোও দুর্ভাবনা বাড়িয়েছে স্বাগতিকদের। কোচ ক্রুইফ ইঙ্গিত দিয়েছেন সেরা একাদশে পরিবর্তন আনার।