ডিএসইর লেনদেনের ৩০ ভাগই একমি ল্যাবরেটরিজে

 
পুঁজিবাজারে মঙ্গলবার সার্বিক মূল্য সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। বাজারে লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে নতুন তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ।
 
প্রথম দিনের লেনদেনেই এ কোম্পানিতে লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকারও বেশি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি। তাই অনেকেই এ কোম্পানির শেয়ার কিনেছেন। এতে কোম্পানিটির লেনদেন বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে বড় অবদান রেখেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১২ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ২৪৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৬ লাখ টাকার।
 
ডিএসইর তথ্যে দেখা গেছে, আজ ডিএসইতে ৪৭১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে ১৪০ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে একমি ল্যাবরেটরিজের শেয়ারে। যা ডিএসইর মোট লেনদেনের ২৯ দশমিক ৮৬ শতাংশ। আর সিএসইতে কোম্পানিটির ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রথম দিনে দেশের দুই স্টক এক্সচেঞ্জে একমি ল্যাবরেটরিজের ১ কোটি ৩১ লাখ ২০ হাজার ৩০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের ১২ দশমিক ৩০ শতাংশ।
 

একমি ল্যাবরেটরিজের এডজাস্টেড ওপেন প্রাইস ছিল ৮৫ দশমিক ২০ টাকা। যা দিনশেষে ৩৪ দশমিক ৫ টাকা বা ৪০ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১১৭ দশমিক ৯০ টাকায় দাঁড়িয়েছে। ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। এ কোম্পানির ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তৃতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের ১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনে চতুর্থ স্থানে রয়েছে এমজেএল বিডি।