সন্ত্রাস দমন আইনের দুই মামলায় জামিন সর্বোচ্চ আদালত বহাল রাখার পর চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার হওয়া আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারগার থেকে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর বিকালে তিনি মুক্তি পান।’
হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেফতার করে র্যাব।
বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের তিনজনকে গ্রেফতার দেখানো হয়। গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। পরে ১২ জানুয়ারি হাই কোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়।