রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ক্রিশ্চিয়ানো রোনালদো এই মুহূর্তে রয়েছেন দারুণ ফর্মে। তবে ইউরো চ্যাম্পিয়নশিপে তারকা এই ফরোয়ার্ড একা পর্তুগালকে সাফল্য এনে দিতে পারবেন না বলে মনে করেন দেশটির কোচ ফার্নান্দো সান্তোস।
ফ্রান্সে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এবারের ইউরোতে ফেভারিটদের তালিকায় নেই পর্তুগাল। তবে হিসেব পাল্টে দিয়ে পর্তুগালের সাফল্য পাওয়ার ক্ষেত্রে রোনালদোই সান্তোসের মূল ভরসা। সান্তোস স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে বলেন, রোনালদো রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ। পর্তুগালের জন্যও সমান গুরুত্বপূর্ণ সে। আপনার যদি এমন একজন খেলোয়াড় থাকে যে মৌসুমে ৫০ বা ৬০টি গোল করে, এমন একজন যে অপ্রত্যাশিত গোল করতে পারে, সে সব সময়ই গুরুত্বপূর্ণ হবে। সে কত গুরুত্বপূর্ণ তা মাপা অসম্ভব।
তবে সান্তোস এটাও মনে করিয়ে দেন ইউরো জিততে হলে তার শিষ্যদের সবার জ্বলে উঠতে হবে। কিন্তু এমনকি রোনালদোও একা সব করতে পারে না। কেউ একা ম্যাচ জিততে পারে না। আপনাকে সব সময়ই আপনার সতীর্থদের সাহায্য লাগবে। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে সে খুব গুরুত্বপূর্ণ। গোল.কম।