আরও ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। এনিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫টিতে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন  জানান, ঢাকার কেরানীগঞ্জে স্থাপনের জন্য অনুমোদন পেয়েছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্ববিদ্যালয়টির ইংরেজি নাম ‘টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস’। নতুন অনুমোদন পাওয়া ‘ইউনিভার্সিটি অব গ্লোবাল ​ভিলেজ’ হবে বরিশালে। এর উদ্যোক্তা হিসেবে রয়েছেন বরিশালের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জড়িত আছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। নারায়ণগঞ্জে স্থাপিত হবে ‘রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়’ যার উদ্যোক্তা হিসেবে নাম রয়েছে লিয়াকত আলী খানের।
 
হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেওয়ার পর তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে মন্ত্রণালয় আদেশ জারি করেছে।