চাটমোহর উপজেলার গ্রামীণ প্রসূতি মা, শিশু এবং দুস্থ রোগীদের চিকিত্সা সেবা ত্বরান্বিত করতে সমপ্রতি চালু হয়েছে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা। ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্যতিক্রমী সেবামূলক এ উদ্যোগ গ্রামের হতদরিদ্রদের জন্য আশার আলো জাগিয়েছে। তারা সহজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প ব্যয়ে জরুরি রোগী নিয়ে আসতে পারবেন।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লার বিশেষ উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে প্রতিটি ইউনিয়নে একটি করে (ব্যাটারিচালিত অটোরিকশায়) ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চুরি ঠেকাতে উপজেলা চত্বরে নির্মাণ করা হয়েছে একটি গ্যারেজ। যেখানে বিনামূল্যে মোটরসাইকেল রাখতে পারবেন চালকরা।
চাটমোহর উপজেলা পরিষদে ব্যতিক্রমী এ অ্যাম্বুলেন্স সেবা ও মোটরসাইকেল গ্যারেজের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাম্বুলেন্সের চালক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশকে নিয়োগ দেয়া হয়েছে। সেক্ষেত্রে প্রতিটি গ্রাম পুলিশকে রশিদ মূলে রোগীর পরিবারকে ৫০ টাকা করে দিতে হবে। রোগীদের সুবিধার্থে প্রতিটি অ্যাম্বুলেন্স চালকের কাছে কর্পোরেট নম্বরসহ মোবাইল সেট থাকবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে অ্যাম্বুলেন্স অবস্থান করবে। কোনো প্রসূতি মা ও শিশু অথবা দুস্থ রোগী অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থ থেকে এই অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। এতে করে গ্রামীণ প্রসূতি মা, শিশু এবং দুস্থ রোগীদের চিকিত্সা সেবা ত্বরান্বিত হবে বলে আমার বিশ্বাস।
নির্বাচনী সহিংসতায় আহত ১০
চাটমোহরে সোমবার নির্বাচনী সহিংসতায় ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আ.লীগ নেতা মো. নুরুল ইসলামের সমর্থক কালো মজিবর, জব্বার সরকার ও আজাহার সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী আনারসের রজব আলী বাবলুর সমর্থক হাজি আরজু ও রাজুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট শুরু করে। এ সময় হাজি আরজুর বাড়িতে এলাকার মানুষদের মাঝে সহায়তার অর্থ প্রদান অনুষ্ঠান চলছিল। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, উভয় পক্ষ থানায় মামলা করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।